ঘুসের দায়ে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১১:৪৮:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১১:৪৮:০৬ পূর্বাহ্ন
 

ঘুস গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। চীনের বিচারব্যবস্থায় এই ধরনের রায়ে সাধারণত দণ্ডিত ব্যক্তির বাকি জীবন কারাগারেই কাটে।
 

চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, দণ্ডিত দুই কর্মকর্তা হলেন জেনারেল ওয়েই ফেংহে ও জেনারেল লি শাংফু। ওয়েই ফেংহের বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ প্রমাণিত হয়েছে, আর লি শাংফু ঘুস নেওয়ার পাশাপাশি দেওয়ার দায়েও দোষী সাব্যস্ত হয়েছেন। চীনের প্রচলিত বিচারিক রীতি অনুযায়ী, স্থগিতকৃত মৃত্যুদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি কারাগারে ভালো আচরণ করলে সাধারণত শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়।
 

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চলমান সামরিক শুদ্ধি অভিযানে এ দুই জেনারেল এখন পর্যন্ত সর্বোচ্চ পদমর্যাদার দণ্ডিত কর্মকর্তা। কয়েক বছর আগে এই অভিযান জোরদার হওয়ার সময় তাদের পদ থেকে সরিয়ে গ্রেফতার করা হয়েছিল। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী, এই শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০০ জন ঊর্ধ্বতন চীনা সামরিক ও সরকারি কর্মকর্তা হয় বরখাস্ত হয়েছেন, নয়তো জনসমক্ষ থেকে নিখোঁজ হয়েছেন — যা থেকে ধারণা করা হচ্ছে তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]