ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ অনুমোদন

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১১:৫৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১১:৫৩:০৯ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা-২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশের জনস্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
 

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে ছুটি থাকবে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।
 

ঈদকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির এ সিদ্ধান্ত সরকারি-বেসরকারি খাতে কর্মরতদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। প্রতি বছর ঈদুল আজহাকে ঘিরে ছুটির সময়সূচি নিয়ে আগ্রহ থাকে, কারণ এটি ভ্রমণ, পারিবারিক আয়োজন ও কোরবানির প্রস্তুতির সঙ্গে সরাসরি সম্পর্কিত।
 

এদিকে একই বৈঠকে অনুমোদিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা-২০২৬’-এ জনসাধারণের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও সহজলভ্য টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নীতিমালায় টয়লেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, সঠিক রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষভাবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহারবান্ধব অবকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে।
 

নীতিমালার আওতায় দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে টয়লেটের বর্জ্য ব্যবস্থাপনায় সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কোনোভাবেই বর্জ্য নদী বা জলাশয়ে গিয়ে পরিবেশ দূষণ সৃষ্টি না করে।
 

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে টয়লেট ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট অন্তর্ভুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।
 

নীতিমালার কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়সীমা নির্ধারণ করে কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও বলা হয়েছে, যাতে দীর্ঘমেয়াদে টেকসই ও কার্যকর স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]