চিন্ময় কৃষ্ণ দাসের জামিন রুলের শুনানি শেষ, রায় ১০ মে

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১০:৩৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১০:৩৫:৪৭ অপরাহ্ন

হত্যাসহ পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ১০ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর এ বিষয়ে রুল জারি করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যা ও সহিংসতাসহ আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। পরে একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং তাকে কারাগারে নিতে বাধা দেন।

পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। অভিযোগ রয়েছে, চিন্ময়ের সমর্থকরাই তাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]