ঢাকায় এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভাঙলেই অটো মামলা, নোটিশ যাবে ডাকযোগে

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:৫৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:৫৩:০৭ অপরাহ্ন
 

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন থেকে চালক বা মালিকের অজান্তেই মামলা হয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার এই প্রক্রিয়া বৃহস্পতিবার (৭ মে) থেকে আনুষ্ঠানিকভাবে চালু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
 

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, ডিএমপির আওতাধীন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ক্যামেরায় ধারণ হওয়ার সঙ্গে সঙ্গে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক মামলা তৈরি হবে এবং সংশ্লিষ্ট মালিক ও চালকের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হবে। লাল বাতি অমান্য, স্টপলাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানো এবং রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচলসহ বিভিন্ন অপরাধ এই ডিজিটাল প্রসিকিউশনের আওতায় পড়বে।
 

নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করা যাবে। তবে নোটিশ পাওয়ার পরেও কেউ সাড়া না দিলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির ব্যবস্থা নেওয়া হবে বলে ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 

একই সঙ্গে ডিএমপি সতর্ক করেছে, এই প্রক্রিয়ার বাইরে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র সিসি ক্যামেরার মামলার নাম করে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে। যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে নেওয়া এই উদ্যোগকে ঢাকার সড়ক শৃঙ্খলা পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]