রাজধানীতে চলাচলকারী লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৬ মে) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, বর্তমানে ঢাকায় অনেক পুরোনো ও অনুপযোগী বাস, মিনিবাস এবং পণ্যবাহী যানবাহন চলাচল করছে, যেগুলো প্রায়ই রাস্তা, উড়ালসড়ক ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজট সৃষ্টি করছে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে সড়ক নিরাপত্তাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনের ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।

ডিএমপি সংশ্লিষ্ট মালিক ও চালকদের নির্ধারিত সময়সীমা অতিক্রম করা যানবাহন রাজধানীতে চলাচল না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে পাঠানোসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।