মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব টেড টার্নার মারা গেছেন। বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের আটলান্টায় নিজ বাসভবনে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর সময় তার স্বজনরা পাশে ছিলেন।
টার্নার এন্টারপ্রাইজ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। ২০১৮ সালে টার্নার নিজেই জানান, তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামের একটি জটিল স্নায়বিক রোগে আক্রান্ত। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হয়।
যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্ম নেওয়া টার্নার আধুনিক টেলিভিশন সংবাদ ব্যবস্থায় এক বিপ্লব ঘটান। ১৯৮০ সালের ১ জুন তিনি বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল সিএনএন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বৈশ্বিক সংবাদ পরিবেশনে নতুন ধারা সৃষ্টি করে। শুরুতে তার এই উদ্যোগ নিয়ে সংশয় থাকলেও অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বজুড়ে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়।
বিশেষ করে ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সরাসরি সম্প্রচার সিএনএনকে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান এনে দেয়। একই বছর তার অবদানের স্বীকৃতি হিসেবে টাইম ম্যাগাজিন তাকে ‘ম্যান অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করে।
ব্যক্তিগত জীবনে স্পষ্টভাষী হিসেবে পরিচিত টার্নারকে ‘মাউথ অব দ্য সাউথ’ বলা হতো। মাত্র ২৪ বছর বয়সে বাবার মৃত্যুর পর পারিবারিক বিলবোর্ড ব্যবসার দায়িত্ব নিয়ে তিনি নিজের ব্যবসায়িক যাত্রা শুরু করেন এবং ধীরে ধীরে একটি বৈশ্বিক মিডিয়া সাম্রাজ্য গড়ে তোলেন।