সরকার গঠন করতে কংগ্রেসের সমর্থন চাইলেন বিজয় থালাপতি

আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ১২:১৭:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ১২:১৭:৪৯ পূর্বাহ্ন
তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতিতে ধস নামিয়ে এবার বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও একক বৃহত্তম দল হিসেবে বিজয়ের দল এখন রাজ্যের ক্ষমতায় বসার দোরগোড়ায়। এমন পরিস্থিতিতে সরকার গড়ার প্রয়োজনীয় সমর্থন চেয়ে কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন বিজয় নিজেই। 
 
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল আজ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিজয় ইতিমধ্যে কংগ্রেসের সমর্থন চেয়ে চিঠি পাঠিয়েছেন।
 
এই রাজনৈতিক প্রেক্ষাপটে তামিলনাড়ু কংগ্রেসের রাজ্য শাখা আগামীকাল চেন্নাইয়ে একটি জরুরি বৈঠক ডেকেছে। সেখানেই বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে বেনুগোপাল স্পষ্ট করে দিয়েছেন, তামিলনাড়ুর মানুষ একটি ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষে রায় দিয়েছেন এবং কোনোভাবেই রাজ্যে বিজেপির আধিপত্য বাড়তে দিতে চায় না কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বও রাজ্য শাখাকে এই বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সবুজ সংকেত দিয়ে রেখেছে।
 
নির্বাচনী ফলের পরিসংখ্যান অনুযায়ী, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা ছুঁতে হলে বিজয়কে কংগ্রেসের অন্তত ১০ জন বিধায়ক বা অন্য সহযোগী দলগুলোর ওপর নির্ভর করতে হবে। তামিলনাড়ু কংগ্রেসের ইন-চার্জ গিরিশ চোডঙ্কর জানিয়েছেন, রাজ্যে বিজয়ের পক্ষে ব্যাপক জনসমর্থন দেখা গেছে, বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। এই গণরায়কে সম্মান জানিয়ে সরকার গঠনের প্রক্রিয়ায় কংগ্রেস ইতিবাচক ভূমিকা নিতে পারে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 
 
সূত্র: এনডিটিভি

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]