চট্টগ্রাম মহানগর ও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২টি পরিবারের মাঝে তিন কোটি ১২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড।
মঙ্গলবার নগরীর নতুনপাড়াস্থ বিআরটিএ-র কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নিহত ৫৪টি পরিবারকে দুই কোটি ৭০ লাখ এবং আহত ১৮টি পরিবারকে ৪২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলম বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পাশে দাঁড়ানো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মানবিক ও সামাজিক দায়িত্ব। একটি দুর্ঘটনায় যখন কোনো পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারায়, তখন তারা কেবল প্রিয়জনকেই হারায় না, বরং চরম আর্থিক ও মানসিক সংকটে নিপতিত হয়। এই সংকট তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করে। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা কেবল একটি অনুদান নয়; এটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি রাষ্ট্রের সহমর্মিতা ও দায়বদ্ধতার একটি বলিষ্ঠ প্রতিফলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, বিআরটিএ-র উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম, কে. এম. মাহাবুব কবির এবং সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী।