তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেসের সমর্থন চেয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রয়োজনীয় আসন থেকে পিছিয়ে থাকায় জোট গঠনের উদ্যোগ নিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজয় ইতোমধ্যে কংগ্রেসের কাছে সমর্থন চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তামিলনাড়ু কংগ্রেস বুধবার (৬ মে) চেন্নাইয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে, যেখানে বিজয়কে সমর্থন দেওয়া হবে কি না তা চূড়ান্ত করা হতে পারে।
কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, তামিলনাড়ুর ভোটাররা মূলত ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে রায় দিয়েছেন এবং রাজ্যে বিজেপির প্রভাব বিস্তার ঠেকানো তাদের অগ্রাধিকার। কেন্দ্রীয় নেতৃত্বও এ বিষয়ে রাজ্য শাখাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৩৪ সদস্যের বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, ফলে তাকে অন্তত ১০ জন বিধায়ক বা অন্য দলগুলোর সমর্থন নিতে হবে।
রাজ্য কংগ্রেসের ইন-চার্জ গিরিশ চোডঙ্কর ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনে বিজয়ের পক্ষে ব্যাপক জনসমর্থন দেখা গেছে, বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে। এই প্রেক্ষাপটে গণরায়ের প্রতি সম্মান জানিয়ে কংগ্রেস ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও ধারণা করা হচ্ছে।