হরমুজ উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক সমাধান খোঁজার বার্তা

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ১১:৩৯:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ১১:৩৯:৪৩ অপরাহ্ন

হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার (৫ মে) চীন সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
 

এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা এখনো কাটেনি। গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে যে সংঘাত শুরু হয়, তা নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি আসেনি। এরই মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ তোলে।
 

যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের সাতটি ছোট নৌযানে হামলা চালিয়েছে। অপরদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এতে অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৪ মে) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হামলায় হেলিকপ্টার ব্যবহার করা হয়।
 

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এসব দাবি অস্বীকার করেছে। একই সময়ে দেশটির তাসনিম সংবাদ সংস্থা সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, দুটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং তাতে হতাহতের ঘটনা ঘটেছে।
 

এদিকে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়াও জানিয়েছে, তাদের জাহাজ হরমুজ প্রণালীতে হামলার মুখে পড়েছে। আরব আমিরাতের পক্ষ থেকে ফুজাইরাহ বন্দরে অগ্নিকাণ্ডের খবরও দেওয়া হয়, যার জন্য তারা ইরানকে দায়ী করে। তবে তেহরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এই প্রেক্ষাপটে আরাঘচি বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতি প্রমাণ করে যে রাজনৈতিক সংকটের সামরিক সমাধান সম্ভব নয়। তার ভাষায়, চলমান উদ্যোগগুলো কার্যত অচলাবস্থার দিকেই নিয়ে যাচ্ছে।
 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর ইরান এ প্রণালী অবরোধের ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরবর্তীতে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির ঘোষণা এলেও প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। একই সঙ্গে ইরানের পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্রও দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করে, যা এখনো বহাল রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]