চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার পর হুনানের রাজধানী চাংশায় হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে বলে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি ও শিনহুয়া জানিয়েছে।
চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর বিস্তীর্ণ এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে, অনেক ভবন ধসে পড়েছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মী কাজ করেছেন বলে দক্ষিণ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে।
এই ঘটনায় দ্রুত তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করতে এবং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে গুরুত্বপূর্ণ শিল্পখাতে নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রণ জোরদার ও জননিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বের আতশবাজি রপ্তানিতে চীনের আধিপত্য রয়েছে। গত বছর দেশটি প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বিশ্ববাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি।