চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫ হাজারের বেশি ভাং গাছ উদ্ধার

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ১১:৪৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ১১:৪৫:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা সদৃশ প্রায় ৫ হাজার ভাং গাছ উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিনজন সন্দেহভাজন মাদকসেবীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

রোববার (৩ মে) দুপুরে জেলা শহরের কাঠাল বাগিচা এলাকায় সোনালী ব্যাংকের পেছনে অবস্থিত একটি পরিত্যক্ত জমিতে অভিযান চালিয়ে এসব গাছ উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জমিটিতে দীর্ঘদিন ধরে গোপনে ভাং গাছের চাষ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 

অভিযানে প্রায় ৫ হাজার ২৬০টি ভাং গাছ উপড়ে জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এসব গাছের বীজ নেশাজাতীয় পানীয় তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।
 

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত তিনজনকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মাদকসেবী বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
 

সংস্থাটি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ওই জমির মালিকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকদ্রব্য উৎপাদন ও বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]