যশোরে ফেনসিডিল মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ১১:৪২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ১১:৪২:৫৩ অপরাহ্ন

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় তিন ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
 

রোববার (৩ মে) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের সজিব হোসেন, বেনাপোল নামাজগ্রামের আজিজুর এবং বেনাপোলের বাহাদুরপুর এলাকার ইয়াসিন। তবে রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না এবং বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
 

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বেনাপোল থেকে একটি ট্রাকে করে ফেনসিডিল যশোরের দিকে পাচার করা হচ্ছে। পরে বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোস্টে অবস্থান নিয়ে সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান।
 

তল্লাশির সময় ট্রাকের চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে অভিযুক্তদের শরীরে লুকিয়ে রাখা ১৬ বোতল এবং ট্রাকে থাকা একটি ব্যাগ থেকে আরও ৫০ বোতলসহ মোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 

ঘটনার পর আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীন মিয়া বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ১৭ মার্চ তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]