ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে (অটো জেনারেটেড) নোটিশ পাঠানো শুরু হয়েছে।
রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ সফটওয়্যারের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনের মালিক বা চালকের ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে। মূলত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো অপরাধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজিরা না দিলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে উন্নত সিসি ক্যামেরা এবং এআই প্রযুক্তি ব্যবহার করে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো ও লেফট লেন ব্লক করার মতো অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হচ্ছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এসব মামলার জরিমানা পরিশোধের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত তথ্য আদান-প্রদান বা নগদ লেনদেন করা যাবে না। কেউ এ ধরনের মামলার নামে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে জানাতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।