ফেসবুকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' লিখে পোস্ট দেওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোনায়েম খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মোনায়েম খানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, ফেসবুকে ওই পোস্ট দেওয়া এবং সাংগঠনিক কাজে নিষ্ক্রিয়তাসহ একাধিক শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।