নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত চিকিৎসকসহ ৩

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০১:০৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০১:০৯:৫৪ অপরাহ্ন
 

নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায়, পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী 'আল্লাহ দান' পরিবহণের একটি বাস এবং ময়মনসিংহ থেকে আসা একটি অটোরিকশার মধ্যে সরাসরি মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭)। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রায় ৫০ বছর বয়সি আরেকজন, যার পরিচয় এখনো শনাক্ত হয়নি।
 

আহতরা হলেন দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি এবং ফুলপুর থানার মো. মনির হোসেন (২৩)। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]