পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি তালাবদ্ধ ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১ মে) রাতে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি বাড়ির ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ কক্ষ তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো একাধিক প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, অভিযানে প্রায় ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।