বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, মুদ্রাস্ফীতির শঙ্কায় চাপে সোনা

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১১:৩০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১১:৩০:৫২ অপরাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন করে পতন দেখা দিয়েছে। ইরান যুদ্ধকে ঘিরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সম্ভাব্য বৈশ্বিক মুদ্রাস্ফীতির শঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় সোনার বাজারে চাপ বেড়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির দাম নিম্নমুখী হয়েছে।
 

শুক্রবার (১ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমেছে। জিএমটি সময় সকাল সাড়ে ৯টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৫৮৮ দশমিক ৩২ ডলারে নেমে আসে। দিনের শুরুতে একপর্যায়ে দাম আরও কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৯ দশমিক ৪৮ ডলারে পৌঁছায়।
 

বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি হয়। এতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। ফলে স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগ সম্পদের বাজারে সাময়িক চাপ তৈরি হয়েছে।
 

চলতি সপ্তাহজুড়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ২ দশমিক ৩ শতাংশ কমার পথে রয়েছে। তবে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। শুক্রবার প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে।
 

অন্যদিকে প্লাটিনামের দাম সামান্য কমে প্রতি আউন্স ১ হাজার ৯৯১ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]