পশ্চিমবঙ্গের ১৫ কেন্দ্রে পুনরায় ভোট শনিবার, অনিয়মের অভিযোগে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১১:২৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১১:২৮:৪৮ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর দুইটি আসনের ১৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আগামী শনিবার (২ মে) দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি কেন্দ্রে নতুন করে ভোট নেওয়া হবে।
 

শুক্রবার পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তার দপ্তর এক বিবৃতিতে জানায়, পর্যবেক্ষক ও রিটার্নিং কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতে গণপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ৫৮(২) ধারা অনুযায়ী গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোট বাতিল করা হয়েছে। পরে পুনরায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
 

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং ও প্রচারণার মাধ্যমে ভোটারদের বিষয়টি জানাতে বলা হয়েছে। সব প্রার্থীকেও লিখিতভাবে পুনর্নির্বাচনের তথ্য জানানো হয়েছে।
 

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, দুই দফা মিলিয়ে ভোটার উপস্থিতির হার ছিল ৯২ দশমিক ৪৭ শতাংশ, যা রাজ্যটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ ভোটগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ৪ মে ভোট গণনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

এদিকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ঘিরে উত্তেজনাও তৈরি হয়েছে। ব্যালট বাক্স খোলা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের পক্ষ থেকে সাতটি এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
 

তবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]