ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছাবে

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১০:৪৩:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১০:৪৩:৩৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র ও বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ইতোমধ্যে মরদেহটি ফিউনারেল হোমে হস্তান্তর করা হয়েছে এবং দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে।
 

দূতাবাসের তথ্য অনুযায়ী, ফ্লোরিডার টম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে ৩০ এপ্রিল প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহটি অরল্যান্ডো থেকে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্রানজিট শেষে একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে করে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং আরেক শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টি ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। তবে এখনো নিখোঁজ থাকা বৃষ্টির কোনো সন্ধান পাওয়া যায়নি।
 

ঘটনাটিকে ঘিরে শুরুতে রহস্য তৈরি হলেও পরবর্তীতে লিমনের মরদেহ উদ্ধারের পর তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করা হয়। আদালতের নথি ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এ হত্যাকাণ্ডটি পরিকল্পিত ও নৃশংস ছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা ঘটনার বিস্তারিত উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]