বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৪:৪৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৪:৪৮:৩৯ অপরাহ্ন
 

প্রবল বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস নিরবচ্ছিন্ন সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষভাবে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসনকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃষ্টিতে ফসল নষ্ট হওয়া কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে তিন মাস প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও নির্দেশ দেওয়া হয়েছে।
 

প্রধানমন্ত্রী আরও জানান, অধিবেশনে যোগ দেওয়ার আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে এই সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করেছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার কথাও জানান সংসদ নেতা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]