কালবৈশাখীর ঝড়ে ঘুমের মধ্যে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু, শোকে স্তব্ধ মেলান্দহ

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০১:০৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০১:০৫:২১ অপরাহ্ন
 

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একই পরিবারের মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাত ৪টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গভীর ঘুমে থাকা অবস্থায় তাদের উপর আচমকা ভেঙে পড়ে পাশের বিশাল মেহগনি গাছটি।
 

মেলান্দহ থানার ওসি উবায়দুর রহমান জানান, রাতে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও তার দুই মেয়ে। হঠাৎ দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে টিনের ঘরের উপর পড়ে। এতে তিনজনই গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 

নিহতরা হলেন দাগী এলাকার মৃত আব্দুল গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)। একরাতে মা ও দুই মেয়েকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিহত পরিবারকে সহায়তার উদ্যোগও নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]