মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ২০০৪ সালে তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সালেহ শিবলী বলেন, ২০০৪ সালে তারেক রহমান যুক্তরাষ্ট্রে গিয়ে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানেই তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে বিল গেটস সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন বলে তিনি উল্লেখ করেন।
সংলাপে তিনি আরও বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে সাম্প্রতিক সময়ে অনলাইনে ব্যবহৃত কিছু ভাষা নিয়ে তিনি সমালোচনা করে বলেন, মতভিন্নতা থাকলেও গালিগালাজ বা অশালীন ভাষা বাকস্বাধীনতার অংশ নয়।
এ সময় তিনি ডিজিটাল নীতিমালা ও সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনার প্রেক্ষাপটে সরকারের অবস্থান তুলে ধরেন এবং জানান, প্রযুক্তিনির্ভর সমাজে দায়িত্বশীল অনলাইন আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংলাপে উপস্থিত এক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান জানান, দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে সারা দেশে বিনামূল্যে ইন্টারনেট সেবার বিষয়েও নীতিগত চিন্তাভাবনা চলছে বলে আলোচনা হয়েছে।