চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে গঠিত অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সিফাত আহমেদ সজিব, সালমান, মেছবাউল আলম মাহিন এবং মহিদুজ্জামান মুন্না।
পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের সময় “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামে একটি ফেসবুক পেইজ শনাক্ত করে। পরবর্তীতে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রথমে ঢাকা জেলার আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে সিফাত আহমেদ সজিবকে গ্রেফতার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। ২৩ এপ্রিল বগুড়ার ধুনট থেকে সালমান এবং দিনাজপুরের নবাবগঞ্জ এলাকা থেকে মেছবাউল আলম মাহিনকে গ্রেফতার করা হয়। এরপর ২৪ এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশ এলাকায় অভিযান চালিয়ে মহিদুজ্জামান মুন্নাকে আটক করে পুলিশ।
তদন্তে জানা গেছে, চক্রটি অনলাইনে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে সক্রিয় ছিল। তারা পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি, উদ্বেগ ও নৈতিক চাপ তৈরি করার চেষ্টা করছিল বলে পুলিশ জানিয়েছে। অভিযানের সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।