জনগণের সেবক হতে কর্মকর্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর, জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০১:৫২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০১:৫২:৪২ অপরাহ্ন

প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

শনিবার (২৫ এপ্রিল) বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশক পর দেশের গণতন্ত্রকামী জনগণ ভোটের মাধ্যমে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। এটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রতি মানুষের প্রত্যাশার প্রতিফলন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে—রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হবে জনগণের স্বার্থ রক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করা।

নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার মেধাভিত্তিক, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি উল্লেখ করেন, সরকারি কর্মীদের আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির কার্যকর ব্যবহারে দক্ষ করে তোলা সময়ের দাবি। একটি জনবান্ধব ও দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অপরিহার্য।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানে সেবামুখী প্রশাসন নিশ্চিত করেই কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]