চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির পাউরুটি খেয়ে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর সরবরাহকারী প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিম্নমানের ও খাবার অনুপযোগী পাউরুটি সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়; অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে পৌর এলাকার হরিপুরে অবস্থিত গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন পাউরুটি সংরক্ষণের স্থান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন।
এর আগে দুপুরে শহরের শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষার্থীরা স্কুল ফিডিংয়ের পাউরুটি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, পাউরুটিতে দুর্গন্ধ থাকায় তা খাওয়ার পর শিক্ষার্থীদের বমি, পেটব্যথা ও চোখ-মুখে জ্বালাপোড়া শুরু হয়। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটলে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে অনেক অভিভাবক দ্রুত সন্তানদের বাড়িতে নিয়ে যান। পরে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সরবরাহকারী প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় শাস্তি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সদর উপজেলার ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪১ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য প্রতিদিন স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। ঘটনাটি স্থানীয়ভাবে খাদ্য নিরাপত্তা ও তদারকি ব্যবস্থার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।