অধিবেশন কক্ষে সংসদ সদস্যের 'গরম পানি পান', স্পিকারের ক্ষোভ

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৯:১২:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৯:১২:০২ পূর্বাহ্ন
 

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বসে এক সংসদ সদস্যের খাওয়ার ঘটনায় প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে ঘটনাটি ঘটে এবং স্পিকার নিজেই মাইকে ওই সদস্যকে জিজ্ঞাসাবাদ করেন।
 

অধিবেশন চলার সময় স্পিকার তার আসন থেকে লক্ষ্য করেন, দূরে এক সংসদ সদস্য কিছু একটা খাচ্ছেন বা পান করছেন। তিনি মাইকে সরাসরি নাম উল্লেখ না করে জানতে চান ওই সদস্য কী খাচ্ছেন এবং চা পান করছেন কিনা। জবাবে সংশ্লিষ্ট সদস্য জানান, তিনি শুধু গরম পানি পান করছেন। এই উত্তর শুনে স্পিকার ক্ষুব্ধ কণ্ঠে মন্তব্য করেন, 'পরে আরও কী খাবেন, গড নোজ।' টেলিভিশন ক্যামেরা সেদিকে না থাকায় ওই সংসদ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

সংসদের কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে খাওয়া-দাওয়ার বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও ৩১১ নম্বর বিধি অনুযায়ী, সংসদ কক্ষ কেবল আনুষ্ঠানিক বৈঠকের জন্য ব্যবহারযোগ্য। যেহেতু খাওয়া-দাওয়া সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়, তাই এটি বিধির পরিপন্থি বলে বিবেচিত। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ীও অধিবেশন কক্ষে এ ধরনের কাজ হয় না। সংসদ ভবনে আলাদা ক্যাফেটেরিয়া ও ডাইনিং সুবিধা রয়েছে, যেখানে সদস্য ও অনুমোদিত ব্যক্তিরা খাবার গ্রহণ করতে পারেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]