আগাম বন্যার শঙ্কায় সুনামগঞ্জে দ্রুত ধান কাটার আহ্বান পাউবোর

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৯:০৮:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৯:০৮:০১ পূর্বাহ্ন
 

উজান অববাহিকায় ক্রমাগত বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে এবং যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই পরিস্থিতিতে হাওরের বোরো ফসল রক্ষায় যেসব জমির অন্তত ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেগুলো অবিলম্বে কেটে নেওয়ার জন্য কৃষকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেন পাউবোর সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ পর্যবেক্ষণের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষত সুনামগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ অন্যান্য নদীর উজানে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় পানির স্তর ক্রমশ উঠছে। আগামী কয়েক দিনের মধ্যে পানি সমতল আরও দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি হাওরের অভ্যন্তরে বৃষ্টির কারণে তুলনামূলক নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরির সম্ভাবনাও রয়েছে।
 

সম্ভাব্য বন্যায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে কৃষকদের সময়মতো পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে পাউবো।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]