পশ্চিম তীরে ফিলিস্তিনিদের তাদের বসতভিটা ছাড়তে বাধ্য করতে লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন নিপীড়নকে কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। অভিযোগের মধ্যে রয়েছে শারীরিক হামলা, জোরপূর্বক নগ্ন করা, দেহ তল্লাশির নামে অপমানজনক আচরণ এবং নাবালকদের সামনে অনৈতিক আচরণ।
মানবাধিকার ও আইনি বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গত তিন বছরে ওয়েস্ট ব্যাংক প্রোটেকশন কনসোর্টিয়ামের গবেষকেরা সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতার অন্তত ১৬টি ঘটনা নথিভুক্ত করেছেন। তবে সামাজিক লজ্জা ও ভয়ের কারণে অনেক ঘটনা প্রকাশ না পাওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মানবিক সংস্থাগুলোর মতে, এসব সহিংসতার উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের ওপর চাপ সৃষ্টি করে তাদের নিজ ভূমি ও ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অপমানজনক আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত মর্যাদা লঙ্ঘনের নানা অভিযোগও পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।