ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৫

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত ও সকালে এসব দুর্ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোররাত ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়াগামী লেনে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
 
আহতরা হলেন, আনিচুর রহমান (৪২), রবি মন্ডল (৪৪), ধনঞ্জয় মন্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায়।
 
এদিকে সকাল ৭টার দিকে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে আরেকটি দুর্ঘটনা ঘটে। সড়ক মেরামত কাজে নিয়োজিত শ্রমিক ও মালামাল বহনকারী একটি পিকআপের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে পিকআপে থাকা পাঁচজন শ্রমিক আহত হন।
 
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
 
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া সকালের দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
 
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, উভয় ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]