ট্রাম্পের দাবি নাকচ: এখনো পাকিস্তানের পথে রওনা হননি জেডি ভ্যান্স

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০১:২৪:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০১:২৪:২৫ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও বাস্তবে এখনো যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম  রয়টার্সে প্রতিবেদনে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, ইরানকে নিয়ে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত থাকায় ভ্যান্স এখনো পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হননি। শুধু তাই নয়, মার্কিন প্রতিনিধিদলের কোনো সদস্যই এখন পর্যন্ত ইসলামাবাদের পথে যাত্রা করেননি বলেও নিশ্চিত করেছে ওই সূত্র।

এদিকে আরেকটি মার্কিন সূত্র জানিয়েছে, প্রতিনিধি দল এখনো যাত্রা না করলেও খুব শিগগিরই পাকিস্তান সফরের পরিকল্পনা রয়েছে তাদের।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তেহরান শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করছে, তবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশাপাশি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সূত্র: আল–জাজিরা

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]