মার্কিন অবরোধ শিথিলের সম্ভাবনা তৈরি হলে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পারে ইরান। সোমবার (২০ এপ্রিল) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমন ইঙ্গিত দেন। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।
কর্মকর্তাটি জানান, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ তুলে নেওয়ার বিষয়ে ইসলামাবাদের প্রচেষ্টা তেহরানকে আলোচনায় ফেরার বিষয়ে ইতিবাচকভাবে ভাবতে উৎসাহিত করছে। তার ভাষ্য অনুযায়ী, দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, তবে অংশগ্রহণ নিয়ে এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান।
এর আগে দ্বিতীয় দফার আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছিল। বিশেষ করে হরমুজ প্রণালি এলাকায় একটি ইরানি পণ্যবাহী জাহাজ আটক করার ঘটনার পর উত্তেজনা আরও বেড়ে যায়। এ পরিস্থিতিতে সম্ভাব্য যুদ্ধবিরতিও ঝুঁকির মুখে পড়ে।
এদিকে, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করতে ইসলামাবাদ ইতিবাচক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানে সফর করবে। এ প্রেক্ষাপটে ইসলামাবাদও আলোচনার প্রস্তুতি জোরদার করেছে, যা চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।