বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ইউনিটে বাড়তে পারে সর্বোচ্চ ১ টাকা ৮০ পয়সা

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১২:১২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১২:১২:২২ অপরাহ্ন

জ্বালানি তেল ও এলপি গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আবাসিক গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ।

মন্ত্রিসভার অনুমোদন পেলে প্রস্তাবটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এ পাঠানো হবে। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈশ্বিক সংকটের প্রভাবে দেশে ইতোমধ্যেই জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পাশাপাশি অল্প সময়ের ব্যবধানে এলপি গ্যাসের দামও একাধিকবার বেড়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সাধারণ মানুষের আশঙ্কা, বিদ্যুতের দাম বাড়লে এর প্রভাব পড়বে বাড়িভাড়া ও দৈনন্দিন ব্যয়ে, ফলে জীবনযাত্রার খরচ আরও বেড়ে যাবে।

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, চলতি অর্থবছরে এই খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে। এই ঘাটতি কমাতে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এর মধ্যে পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে ভর্তুকি কমানো এবং আবাসিক গ্রাহকদের জন্য মূল্য সমন্বয়ের পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দাম বাড়ানোর আগে ব্যয় কমানো এবং অপচয় নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া প্রয়োজন। জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলম মনে করেন, অযৌক্তিক ব্যয় কমিয়ে বিদ্যুতের প্রকৃত খরচ নির্ধারণ করা জরুরি।

তিনি আরও বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে ব্যয়বহুল জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন কমানো সম্ভব হবে, এতে বড় অঙ্কের অর্থ সাশ্রয় হতে পারে।

এদিকে বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়টি পর্যালোচনার জন্য অর্থমন্ত্রীকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সরকার আগে দুই বছর দাম না বাড়ানোর পরিকল্পনা করলেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]