হরমুজ উত্তেজনায় তেলের বাজার অস্থির, জাহাজ জব্দের দাবিতে বাড়ল দাম

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১২:০৭:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১২:০৭:৩০ অপরাহ্ন

হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইরানি পতাকাবাহী একটি জাহাজ জব্দের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই ঘোষণার পর সোমবার (২০ এপ্রিল) এশিয়ার বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পায়। এর আগে ইরান ঘোষণা দেয়, তারা আবারও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেবে এবং এই পথে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

ট্রাম্পের বক্তব্যের পর ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৮ দশমিক ৫৫ ডলারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি বক্তব্যের প্রভাবেই বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

এই প্রণালি দিয়ে বিশ্বে ব্যবহৃত প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তার প্রভাব পড়ে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আলোচনার জন্য তাদের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাবে, যার নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরানের পক্ষ থেকে এখনো আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানানো হয়নি।

বিশ্লেষকরা বলছেন, চলমান এই উত্তেজনা শুধু জ্বালানি বাজারেই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। অনেক দেশে জ্বালানির দাম বেড়ে গেছে এবং কোথাও কোথাও ঘাটতিও দেখা দিয়েছে।

বিশেষ করে এশিয়ার দেশগুলো বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের জ্বালানি সরবরাহের বড় অংশই হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিচ্ছে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যতে আরও বড় সংকট দেখা দিতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]