গাজীপুরের কোনাবাড়ি এলাকায় এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রি এবং অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় মেসার্স তামিম এন্টারপ্রাইজ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করছে বলে ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মেসার্স আলী ফিলিং স্টেশনে অনুমোদন ছাড়াই ৬ হাজার ৫৪৬ লিটার জ্বালানি তেল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি রোধ এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে এলপি গ্যাস বিক্রি বা জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে এবং সাধারণ ভোক্তারা অতিরিক্ত মূল্য ও হয়রানি থেকে মুক্তি পাবেন।