শিরীন শারমিনের জামিনকে 'ভালো কাজ' বললেন স্পিকার হাফিজ উদ্দিন

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৭:৪০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৭:৪০:০৪ অপরাহ্ন
 

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিনকে বিচার বিভাগ জামিন দিয়েছেন এবং এটি ভালো কাজ হয়েছে। তার মতে, বিচার বিভাগ নিশ্চয়ই যথাযথ বিচার-বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সার্কিট হাউসে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
 

দলীয় রাজনীতি প্রসঙ্গে স্পিকার জানান, দলীয় পদ থেকে পদত্যাগ করায় তিনি আর দলীয় রাজনীতি নিয়ে সরাসরি মন্তব্য করতে চান না। তবে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে সব রাজনৈতিক দলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে এবং রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ যেন হেনস্তার শিকার না হন।
 

গত দুই দশকে গণতন্ত্রের অনুপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, অত্যাচার, নিপীড়ন, গুম ও খুনের মতো নানা নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। ২০২৪ সালের গণআন্দোলন সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে বলেও তিনি মন্তব্য করেন।
 

বর্তমান সরকার প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে স্পিকার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার দেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এবং অর্থনৈতিক উন্নয়নে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]