ময়মনসিংহ মেডিকেলে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৭ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত, হল ছাড়ার নির্দেশ

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০১:১৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০১:১৬:১৮ অপরাহ্ন
 

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে দুই শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ বিরোধ থেকে শুরু হওয়া সংঘর্ষ পরপর কয়েক দফায় ছড়িয়ে পড়লে কলেজ কর্তৃপক্ষ জরুরি সিদ্ধান্তে সাত দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং একই দিন সকাল ৮টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এম-৬১ ব্যাচের শিক্ষার্থী হামিদুর রহমান ও আসাদুল্লাহ মোয়াজের মধ্যে সামান্য বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হামিদুর মোয়াজকে নিজের কক্ষে নিয়ে মারধর করেন। পরে মোয়াজ রড নিয়ে চা দোকানের সামনে হামিদুরকে পাল্টা আক্রমণ করলে তার মাথা ফেটে যায় এবং সহপাঠীরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
 

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পুলিশ মোয়াজকে আটক করে হোস্টেল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় হামিদুরের পক্ষের জুনিয়র শিক্ষার্থী নাফিউল পুলিশ বেষ্টনীর মধ্যেই হাতুড়ি দিয়ে মোয়াজের মাথায় আঘাত করেন। এতে মোয়াজ গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
 

কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান জানান, গুরুতর আহত মোয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, আর হামিদুর ময়মনসিংহ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। ভাইস প্রিন্সিপাল ডা. মতিউর রহমান জানান, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]