পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিস্তীর্ণ এলাকায় শনিবার (১৮ এপ্রিল) সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায় এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এত গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্প সাধারণত বিস্তৃত ভৌগোলিক এলাকাজুড়ে অনুভূত হয়, যার কারণে একসঙ্গে একাধিক শহর ও অঞ্চলে কম্পন ছড়িয়ে পড়ে। ইসলামাবাদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার পেশওয়ার, চিত্রাল, সোয়াত, লোয়ার দির, মালাকান্দ, খাইবার ও চারসাদ্দায় কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া বুনের, বাট্টাগ্রাম, আপার দির, হারিপুর, ঘিজার, শাংলা, মানসেহরা ও তোরঘরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকাতেও ভূকম্পনের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, হিন্দুকুশ পর্বতমালা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় একটি অঞ্চল এবং এই এলাকা থেকে উৎপন্ন ভূমিকম্প নিয়মিতভাবে পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়ে থাকে।