নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে শুক্রবার রাতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি তেলের দোকান থেকে অবৈধভাবে মজুত করা ১৪০০ লিটার ডিজেল ও তেল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি দল খলিফার হাট এলাকায় টহলে থাকার সময় গোপন সূত্রে জানতে পারে, উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে অবৈধভাবে ডিজেল মজুত করা হচ্ছে এবং পরবর্তীতে তা বাজারমূল্যের চেয়ে বেশি দামে বিক্রির পরিকল্পনা রয়েছে। এই তথ্যের ভিত্তিতে দলটি দোকানে অভিযান পরিচালনা করে এবং দোকানের ভেতরে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৪০০ লিটার ডিজেল উদ্ধার করে।
আটককৃতরা হলেন চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের রাশেদ (৩৮), মহাতাপুর গ্রামের নাছির উদ্দিন (৪৭) এবং চরকাওনীয়া গ্রামের শিহাব উদ্দিন (২২) ও মাকসুদ (৩২)। অভিযানের সময় তেল পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক চারজনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই মজুতদারি করা হচ্ছিল বলে পুলিশ ধারণা করছে।