হরমুজ প্রণালি পাড়ি দিতে আইআরজিসির অনুমতি বাধ্যতামূলক: ইরানের নতুন নির্দেশনা

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১১:১০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১১:১০:২৯ অপরাহ্ন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
 

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা জানান, আইআরজিসি–এর অনুমোদন ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে না। তবে মার্কিন পতাকাবাহী জাহাজসহ বাণিজ্যিক জাহাজগুলোকে অনুমতি দেওয়া হতে পারে, কিন্তু সামরিক জাহাজগুলোর জন্য এই পথ এখনো নিষিদ্ধ থাকবে।
 

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্দিষ্ট কিছু ‘নিরাপদ’ রুটে সীমাবদ্ধ থাকবে, যেগুলো ইরান নিজেই নির্ধারণ করবে। এসব রুটে চলাচলের জন্য আইআরজিসি ও ইরানের বন্দর ও সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।
 

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দেন, চলমান যুদ্ধবিরতির সময়কালে প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে। তিনি জানান, নির্ধারিত রুট অনুসরণ করে জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
 

তবে এই ঘোষণার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন অবস্থান তুলে ধরেন। তিনি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত থাকলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।
 

বিশ্লেষকদের মতে, একদিকে প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা এবং অন্যদিকে কঠোর নিয়ন্ত্রণ আরোপের এই দ্বৈত অবস্থান বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়াতে পারে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]