আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। হজযাত্রার এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সরব হয়ে উঠেছে কর্তৃপক্ষ।
ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি, সাউদিয়া তিনটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স তিনটি ফ্লাইট পরিচালনা করবে। সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৩৫ শতাংশ সাউদিয়া এবং বাকি ১৫ শতাংশ ফ্লাইনাস।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরব যাবেন। যাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছে গেছে।
এবার নতুন সংযোজন হিসেবে প্রতিটি হজযাত্রীর জন্য 'নুসুক কার্ড' বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে সব ধরনের সেবা পাওয়া যাবে। বেসরকারি ব্যবস্থাপনার যাত্রীরা দেশেই এই কার্ড পাচ্ছেন, তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীদের হোটেল লবিতে গিয়ে কার্ড সংগ্রহ করতে হবে।
আগামী ২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ৩০ মে থেকে শুরু হয়ে ১ জুলাইয়ের মধ্যে ফিরতি ফ্লাইট সম্পন্ন হবে।