মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম স্থান পাওয়ায় জাতীয় সংসদে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার সংসদ অধিবেশন চলাকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বিষয়টি উত্থাপন করে সংসদকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিফ হুইপ বলেন, এই স্বীকৃতি শুধু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অর্জন নয়, এটি সমগ্র জাতির সম্মান। সংসদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানানো হয়।
অধিবেশনে চিফ হুইপ আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসনে কাটানোর পর দেশে ফিরে জনমনে নতুন আশার সঞ্চার করেছেন। বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড চালু, পহেলা বৈশাখে কৃষক কার্ডের উদ্বোধন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রবর্তন, বিভিন্ন ধর্মের পুরোহিতদের সম্মানী চালু এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ।
চিফ হুইপ বলেন, দেশের মানুষ তাঁকে সংসদে পাঠিয়ে স্বীকৃতি দিয়েছে, আর এবার বিশ্বও টাইম ম্যাগাজিনের মাধ্যমে সেই স্বীকৃতি দিল।