ইরানি তেল নিতে পারবে না চীন, হরমুজে জাহাজ আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৩৪:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৩৪:২৭ পূর্বাহ্ন

ইরান থেকে তেল আমদানি করতে পারবে না বলে চীনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে ইরানি তেল বহনকারী চীনা জাহাজ আটকে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক তেলবাহী জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী, ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, চীন ইরান থেকে তেল নিতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে ইরানি তেল বহনকারী চীনা ট্যাংকারগুলো আটকে দেওয়া হবে।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চীন চাইলে অন্য উৎস থেকে তেল সংগ্রহ করতে পারে, কিন্তু ইরানের তেল গ্রহণ করা যাবে না। তার অভিযোগ, ইরানের তেলের বড় ক্রেতা হয়েও চীন বৈশ্বিক অংশীদার হিসেবে দায়িত্বশীল আচরণ করছে না।

তিনি আরও জানান, চীন একদিকে তেলের মজুত বাড়াচ্ছে, অন্যদিকে কিছু পণ্যের রপ্তানি সীমিত করছে। এ বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে এই উত্তেজনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সম্ভাব্য বেইজিং সফরে প্রভাব ফেলতে পারে কি না—এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি বেসেন্ট।

অন্যদিকে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সোমবার থেকে ইরান-সংশ্লিষ্ট অন্তত আটটি তেলবাহী জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজগুলোর সঙ্গে রেডিও যোগাযোগ করে তাদের পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং সবগুলো জাহাজই তা মেনে নেয়।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরগামী সব দেশের জাহাজের ক্ষেত্রেই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হচ্ছে।

তারা আরও জানায়, এই কার্যক্রমে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ বিভিন্ন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যেগুলো সমুদ্রপথে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনায় সক্ষম।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]