কুমিল্লার দেবিদ্বারে একটি কওমি মাদরাসার পুরোনো দেয়াল ভাঙার সময় ধসে পড়ে মো. সিফাত রহমান (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সিফাত উপজেলার বড়শালঘর ইউনিয়নের বাসিন্দা মাসুম রহমানের ছেলে।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে অবস্থিত ‘কাশিফুল উলুম’ মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদরাসার দুই মুহতামীম আনিছুর রহমান ও আবদুল আজিজ মিস্ত্রীদের পাশাপাশি শিক্ষার্থীদের দিয়েও ঝুঁকিপূর্ণ দেয়াল ভাঙার কাজ করাচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।
অভিযোগ রয়েছে, কয়েকজন শিক্ষার্থী কাজ করতে অনিচ্ছা প্রকাশ করলেও তাদের জোর করে এ কাজে যুক্ত করা হয়। দেয়াল ভাঙার একপর্যায়ে এর একটি বড় অংশ সিফাতের ওপর ধসে পড়ে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মো. মনিরুজ্জামান, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই মুহতামীম পালিয়ে যান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দিয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ করানো আইনত দণ্ডনীয় অপরাধ।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।