মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন ও পাইপ বিনষ্ট

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ১১:০১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ১১:০১:০৯ অপরাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে দুটি শ্যালো মেশিন ও তিন হাজার ফিট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পাহাড় কাটার অভিযোগে একটি এক্সকেভেটরের ব্যাটারিও জব্দ করা হয়েছে।
 

সোমবার (১৩ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয় মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর এলাকার সংরক্ষিত বনাঞ্চলে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
 

তিনি জানান, ছড়া থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে বন বিভাগ ও জোরারগঞ্জ থানা পুলিশর সহযোগিতায় অভিযান চালানো হয়। দুর্গম পাহাড়ি এলাকায় বালু উত্তোলনের সময় ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও প্রায় তিন হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়।
 

অভিযানের সময় পাশের এলাকায় এক্সকেভেটরের মাধ্যমে পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেলে সেখান থেকে দুটি ব্যাটারি জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
 

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]