রোগীর চাপ সামাল দিতে চিকিৎসকদের আরও পরিশ্রমের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১১:০৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১১:০৭:৫০ অপরাহ্ন

দেশে রোগীর সংখ্যা ও চাপ বিবেচনায় চিকিৎসকদের আরও আন্তরিকতা ও পরিশ্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে চিকিৎসকদের দায়িত্ববোধ ও মানবিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন ক্রাউন প্লাজায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, রোগীদের কাছে একজন চিকিৎসক সৃষ্টিকর্তার পরের অবস্থানে থাকেন, তাই এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জরুরি।
 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমাজে চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা থাকা সত্ত্বেও মাঝে মাঝে পেশাগত অনৈতিকতার অভিযোগ শোনা যায়, যা উদ্বেগজনক। তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, যেন কোনো রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় এবং মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দায়িত্ব পালন করা হয়। পাশাপাশি চিকিৎসা শিক্ষায় নৈতিকতা ও দায়িত্ববোধের বিষয়গুলো আরও গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
 

তিনি আরও বলেন, চিকিৎসকদের হয়রানি বা চাঁদাবাজির মতো অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তারা যে দলেরই হোক না কেন। এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]