ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। একটি জ্যেষ্ঠ ইরানি সূত্রের দাবি অনুযায়ী, বিদেশি ব্যাংকগুলোতে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সম্মত হয়েছে, যা চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত থেকে পাওয়া এই তথ্য অনুযায়ী, তেহরান এ সিদ্ধান্তকে সমঝোতার দিকে ওয়াশিংটনের আন্তরিকতার প্রকাশ হিসেবে বিবেচনা করছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্পদ মুক্তির বিষয়টি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। চলমান আলোচনায় এই নৌপথটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে কোনো সমঝোতা হলে তা শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।