আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১১:১১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১১:১১:২৯ অপরাহ্ন

উত্তর আরব সাগরে বিপদ সংকেত পাঠানো একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। জরুরি সহায়তা চাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে নাবিকদের নিরাপদে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।
 

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি পাকিস্তান উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল, সেখান থেকেই বিপদ সংকেত পাঠানো হয়। উদ্ধার হওয়া ১৮ নাবিকের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।
 

বিপদ সংকেত পাওয়ার পর পাকিস্তান নৌবাহিনীর মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার এবং পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে পিএনএস হুনাইন নামের একটি নৌজাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়।
 

উদ্ধার অভিযানে জাহাজটির ক্রুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অগ্নিনির্বাপণসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। পরে সকল নাবিককে নিরাপদে করাচিতে পৌঁছে দেওয়া হয়েছে, যেখানে তাদের পরবর্তী চিকিৎসা ও নিজ নিজ দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে।
 

তবে জাহাজটি কী কারণে বিপদে পড়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পাকিস্তানের সেনাবাহিনী।
 

এদিকে সফল উদ্ধার অভিযানের জন্য পাকিস্তানের নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, মানবিক এই অভিযানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]