জাতীয় সংসদে একটি বিল পাসকে ঘিরে সরকারি ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত বিতর্কের সময় এক সংসদ সদস্যকে উদ্দেশ করে স্পিকার মন্তব্য করেন, ‘এটা শাহবাগ নয়, সংসদ’। এ মন্তব্যের পর অধিবেশনে আরও উত্তেজনা তৈরি হয় এবং উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা জোরালো হয়ে ওঠে।
শুক্রবার (১০ এপ্রিল) মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাসের প্রক্রিয়াকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাত-কে উদ্দেশ করে বলেন, “এত অসহিষ্ণু হলে চলবে না… দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।”
বিরোধী দলের অভিযোগ, সংসদের বিশেষ কমিটির বৈঠকে যে সমঝোতা হয়েছিল, তা উপেক্ষা করে সরকারি দল সংশোধিত আকারে বিলটি পাস করেছে। এর প্রতিবাদে তারা ওয়াকআউট করে। এ বিষয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান এবং চিফ হুইপ নাহিদ ইসলাম একাধিকবার বক্তব্য দেন।
অন্যদিকে, সরকারের পক্ষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগের জবাব দেন। প্রায় ৪০ মিনিট ধরে চলা এ বিতর্কে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে আসে।
বিতর্কের এক পর্যায়ে স্পিকার সংসদে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং অতীতের তুলনায় বর্তমান সংসদকে বেশি সহযোগিতামূলক ও কার্যকর বলে উল্লেখ করেন। এ সময় নিজের আসন থেকে দাঁড়িয়ে আপত্তি জানান মো. আবুল হাসনাত। তার প্রতিক্রিয়ার জবাবেই স্পিকার উক্ত মন্তব্য করেন।
স্পিকারের বক্তব্যের পর অধিবেশনে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পরিস্থিতির মধ্যেই স্পিকার বলেন, সংসদে সরাসরি কথা বলার সুযোগ সীমিত এবং যেকোনো বিষয় উত্থাপনের জন্য নিয়ম অনুযায়ী নোটিশ দিতে হবে।