জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন এবং বিএনপির প্রস্তাবিত বিশেষ কমিটি—এই দুই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজপথ থেকে শুরু করে সংসদ পর্যন্ত বিরাজ করছে অস্বস্তিকর পরিস্থিতি।
বর্তমানে ‘জুলাই সনদ’ ইস্যুতে দেশের সর্বত্র আলোচনা তুঙ্গে। ঐকমত্য কমিশনের দীর্ঘ বৈঠক, জাঁকজমকপূর্ণ স্বাক্ষর অনুষ্ঠান এবং গণভোট—সবকিছু মিলিয়েও চলমান রাজনৈতিক বিতর্কের কোনো স্থায়ী সমাধান এখনো আসেনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই এই সংস্কার প্রস্তাবগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইতোমধ্যে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধিরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে ক্ষমতাসীন বিএনপি এই প্রক্রিয়াকে অসাংবিধানিক দাবি করে এতে অংশ নেয়নি।
বিএনপি সংস্কার পরিষদের পরিবর্তে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। কিন্তু এ প্রস্তাব বিরোধী দলগুলোর সমর্থন পায়নি, ফলে দ্বন্দ্ব আরও জটিল আকার নিয়েছে।
সংসদের বিতর্ক এখন রাজপথেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। জুলাই সনদে অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় কাঠামোর ৮৪টি সংস্কার প্রস্তাবের অনেকগুলোর ক্ষেত্রেই বিএনপিসহ কয়েকটি দলের ভিন্নমত রয়েছে, যা সংকট সমাধানকে আরও কঠিন করে তুলছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান মনে করেন, পারস্পরিক দোষারোপ না করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানোই সবচেয়ে কার্যকর পথ।
অন্যদিকে অধ্যাপক ছিদ্দিকুর রহমান বলেছেন, সরকার ও বিরোধী দল উভয়ের মধ্যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সংকট সমাধান সম্ভব। তিনি মনে করেন, বিরোধীদের আগে সংসদে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা উচিত এবং সরকারকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।
বিশ্লেষকদের মতে, এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে চলমান টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা নির্ভর করছে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপরই। তবে জনভোগান্তি সৃষ্টি না করে দ্রুত সমাধানে পৌঁছানোর ওপর জোর দিচ্ছেন তারা।